মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরি পুড়ে ১৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে এ ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন ফ্যাক্টরির এসিস্ট্যান্ট ম্যানেজার আশীষ কুমার কর্মকার। এছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে জিডিতে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জিডিতে উল্লেখ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ভিআইপি ফ্যাক্টরির কর্মকর্তা মো. মিজান বলেন, আগুন এখনও জ্বলছে। রাত ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নিভানো সম্ভব হচ্ছে না। পুরোপুরি আগুন না নিভলেও এখন আর ছড়ানোর কোন সম্ভাবনা নেই, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে, এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওই কারখানায় আগুন লাগে। সাত ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ভিআইপি লাগেজ ফ্যাক্টরির আগুন। তবে আগুন পুরোপুরি নিভতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে।
এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে মোংলা ইপিজেড কর্তৃপক্ষ।
Leave a Reply