নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে পাগলা-নন্দলালপুর সড়ক অবরোধ করেছে প্রাইম টেক্সটাইলের কয়েক হাজার শ্রমিক।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে কারখানার শ্রমিকেরা প্রাইম টেক্সটাইলের সামনে পাগলা-নন্দলালপুর সড়ক অবরোধ করে।
শ্রমিকরা জানান, আড়াই হাজার শ্রমিক এই কারখানাটিতে কর্মরত রয়েছে। দীর্ঘ দশ থেকে ২০ বছর পর্যন্ত অনেক শ্রমিক এখানে কর্মরত আছেন। কিন্তু মালিকপক্ষ কোন নোটিশ না দিয়ে গত মাসে ৩৬০ জন শ্রমিককে ছাঁটাই করে। আরও সাড়ে ছয়শ’ শ্রমিককে ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়।
এছাড়া গত নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসের বেতনসহ ভাতা পরিশোধ না করে মালিকপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার থেকে কারখানা বন্ধ করে দেয়। শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ ও লে-অফ সাইনবোর্ড টানানো দেখে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
এসময় শ্রমিকরা সবাই কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ এসে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে কোন সমাধান দিতে না পারায় শ্রমিকরা তাদের আন্দোলন অব্যাহত রাখেন। অবিলম্বে সকল বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা। অন্যথায় সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) বশির আহমেদ জানান, আমাদের শিল্প পুলিশের একটি দল মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছে। এখনো আলোচনা চলছে, শ্রমিকরা সড়ক অবরোধ করে আছে।
তিনি আরও বলেন, তাদের প্রায় আড়াই হাজার শ্রমিক আছে। এর মধ্যে ৮ শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে আছে। আমরাও সতর্ক অবস্থানে আছি।
Leave a Reply