চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক আবু আজাদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কাঞ্চন তুড়ি (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়ি এলাকায়। তিনি ইটভাটার ব্যবস্থাপক।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, মামলার ৪ নম্বর আসামি কাঞ্চনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আবু আজাদ বলেন, রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে সকালে ইসলামপুর ইউনিয়নের মঘাছড়িতে যান তিনি। সড়কের পাশে মাটি তুলে ইটভাটায় নিয়ে যাওয়ার সময় ছবি তুলতে থাকেন তিনি। এসময় ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার পাঁচ-ছয়জনকে নিয়ে এসে তাকে মারধর করে। এরপর একটি মাইক্রোবাসে তুলে মঘাছড়ি বাজারে নিয়ে যায় তারা। সেখানে মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করতে থাকে। তার মুঠোফোন, মানিব্যাগ ও পরিচয়পত্র রেখে দেয় বলে অভিযোগ করেন তিনি।
একপর্যায়ে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা বলে মহিউদ্দিন তার মুঠোফোন ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন আবু আজাদ। ছেড়ে দেওয়ার পর প্রথমে রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান আবু আজাদ। পরে রাতে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ভুক্তভোগী ওই সাংবাদিক পরদিন (সোমবার) রাত ৮টার দিকে ইউপি চেয়ারম্যান, সদস্য ও ইটভাটার ব্যবস্থাপকসহ ৪ জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply