ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। এরআগে, রোববার (২৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে এ রুটে ফের চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে রোববার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সোমবার সকাল ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
তিনি জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এই রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহনের চাপ কমে গেছে।
Leave a Reply