চার বছর ধরে সেন্সরে আটকে থাকা ‘শনিবার বিকেল’ নিয়ে নানা প্রতিবাদের পরও সার্টিফিকেট মেলেনি। সম্প্রতি সিনেমাটি পুনরায় প্রদর্শনের পর আপিল বোর্ড সিনেমাটির বিষয়ে সবুজ সংকেত দিয়েছিলেন। জানিয়েছিলেন, ছবিটি মুক্তিতে কোন বাধা নেই। কিন্তু এরপরও ছবিটি নিয়ে কোন সিদ্ধান্তই আসছে না।
এরইমধ্যে আজ রোববার সন্ধ্যায় ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, কিছুক্ষণ আগে আবার আমরা জানলাম, তথ্য মন্ত্রনালয় তার তৈরি করা আপীল কমিটির সিদ্ধান্তও মানতে নারাজ। ফলে সেন্সর বোর্ড আপীল কমিটির সভা ডেকেছে আবারও, শনিবার বিকেল পূনঃপরীক্ষণ-য়ের জন্য।ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আই মিন, সিরিয়াসলি!!!!??? একটা রাষ্ট্র যখন তার নিজের বানানো প্রতিষ্ঠানেই ভরসা রাখতে পারে না, তখন বুঝতে হবে আমরা সিরিয়াস প্রবলেমে আছি।
নিজের ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা লিখেন, ‘অসম্ভব বা অবিশ্বাস্য বলে কোনো কিছু আর আমাদের দেশে থাকতে দিবে না- এই মর্মে পণ করেছে আমাদের তথ্য মন্ত্রনালয়। তথ্য মন্ত্রনালয়কে কেনো টানছি? চাঁদের নিজস্ব কোনো আলো নেই, ব্যাংকের নিজস্ব কোনো টাকা নেই, তেমনি সেন্সর বোর্ডেরও নিজস্ব কোনো মত নেই! তথ্য মন্ত্রনালয়ের ইচ্ছাই সেন্সর বোর্ডের ইচ্ছা। তো সাধারণত অন্যায়-অনিয়ম করা হলেও সেগুলো একটা নিয়মের মেক-আপের আড়ালে করা হয়। দুঃখজনক হচ্ছে শনিবার বিকলের ক্ষেত্রে সেই মেক-আপ রক্ষা করারও প্রয়োজন বোধ করছে না তারা।
২১ জানুয়ারি আপনারা সবাই জেনেছিলেন, আপীল কমিটি সিদ্ধান্ত নিয়েছে ডিসক্লেমার যুক্ত করে শনিবার বিকেল ছেড়ে দেয়ার। কয় দিন আগে দিল্লী হাইকোর্টও ফারাজ ছবিটার ব্যাপারে একই অভিমত দিয়েছিলো। আপনাদের মতো আমরাও ভেবেছিলাম, যাক সকল নাটক শেষ হলো।’
সংবাদ সম্মেলন করবেন জানিয়ে তিনি আরও লিখেন, ‘আমরা সেন্সর বোর্ডের এই টালবাহানার কড়া নিন্দা জানাই, সব চেয়ে উঁচু কন্ঠে! একই সাথে আমরা সবাইকে আহবান জানাই, ন্যায়বিচারের এই “বিস্ময়কর নতুন মানদন্ডের” প্রতিবাদ করার জন্য। আমরা যদি না জাগি তাহলে আমাদের দেশেই আমরা এরকম তৃতীয় শ্রেনীর নাগরিক হিসাবে ট্রিটমেন্ট পাবো। আপাতত আমাদের এই আছে বলবার। এই বিষয়ে আগামী সাত তারিখ সংবাদ সম্মেলন করে আমরা বিস্তারিত বলবো।’
দেশের বাইরের দর্শকদের উদ্দেশ্য করে ফারুকী লিখেন, ওদিকে দেশের বাইরে যারা আছেন, তাদের জন্য আমাদের বলবার কথা এইটুকুই- দেশে মু্ক্তি বিলম্বিত হলেও, দেশের বাইরে যাতে আপনারা দ্রুতই শনিবার বিকেল দেখতে পারেন সেইজন্য আমাদের আন্তর্জাতিক পার্টনার এবং জার্মান প্রযোজক কাজ করছেন। খুব দ্রুত এই বিষয়ে আপডেট জানবেন। আমরা থামছিনা। আমাদের “দাবায়ে রাখা” যাবে না।
Leave a Reply