বিশ্বব্যাপী হাজার কোটি ব্যবসা করা ‘পাঠান’ সাফটা চুক্তিতে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি মুক্তির কথা শোনা গেলেও এদিন মুক্তি পাচ্ছে না সিনেমাটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি ভাষার মাস। এ মাসে সংশ্লিষ্ট কেউ চাচ্ছেন না হিন্দি ভাষার ‘পাঠান’ মুক্তি পাক। মূলত ভাষার মাসে বিতর্ক এড়াতেই নাকি এমন সিদ্ধান্ত।
‘সাফটা চুক্তির দুটি সাংঘর্ষিক ধারা নিয়ে কোনো সমাধান আসেনি। যদিও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ স্যার পজেটিভ সমাধান খোঁজার জন্য বলেছেন।’- ২৪ ফেব্রুয়ারি মুক্তির সম্ভাবনা নেই জানিয়ে এমন কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ।অন্যদিকে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন জানান, তথ্যমন্ত্রী স্যার মৌখিক সম্মতি দিয়েছেন। মন্ত্রণালয় থেকে চিঠি হাতে পেলেই মুক্তির প্রক্রিয়া শুরু হবে। সেন্সর করিয়ে মুক্তি দিতে আর কোনো সমস্যা থাকবে না। সবকিছু গোছানো আছে, অপেক্ষা শুধু অফিসিয়াল চিঠির।
ভাষার মাস ফেব্রুয়ারি বিধায় ২৪ ফেব্রুয়ারি মুক্তি না পেলেও আগামী ৩ মার্চ মুক্তি পেতে পারে এই বলিউড ছবি। সেই হিসেবে পাঠান’র জন্য দেশের সিনেমাগুলোতে মুক্তির প্রস্তুতি ও হল বুকিং করা হচ্ছে।
‘পাঠান’ যদি মুক্তি পায় তবে এর মাধ্যমে আট বছর পর বাংলাদেশের সিনেমা হলগুলোতে চলবে হিন্দি ছবি। সর্বশেষ সালমান খানের ‘ওয়ানটেড’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। সে সময় ছবিটি বাংলাদেশের সিনেমা হলে ব্যবসায়িকভাবে চরম লোকসানের মুখে পড়ে।
Leave a Reply