প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক একটি সেল খোলার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের উত্তরসূরীদের সংগঠন রক্তধারা ‘৭১। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে শহীদ ও তাদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী যতটা সহানুভুতিশীল ঠিক ততটাই অবহেলা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রনালয়ের কর্মরত দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা। সেবা নিতে যাওয়া ব্যক্তিরা অনেক সময় তাদের কাছে প্রাপ্য সম্মানটুকুও পান না।
শুক্রবার (০৩ মার্চ) রাজধানীর মিরপুর জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাদীম কাদির, সহসভাপতি রফিকুল আলম মুকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সহসম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন নিশি, প্রকাশনা ও গবেষণা সম্পাদক আনিস রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হামিদ, তাপস সরকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় শহীদ পরিবারের সদস্যারা।তারা বলেন, আমাদের অন্যতম দাবি হচ্ছে একাত্তরের সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। অন্য কিছু চাওয়া পাওয়ার জন্য নয় শুধুমাত্র একাত্তরের গর্ব ধারণ করা এবং ইতিহাসের দায়বদ্ধতা থেকে সকল শহীদদের স্বীকৃতি প্রয়োজন। এ সময় মুক্তিযুদ্ধের গণহত্যাকে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানানো হয়।
পরে শামসুল আলমকে (পিতা : শহীদ আবদুল হাকিম) আহ্বায়ক ও আমিনুল ইসলামকে (পিতা : শহীদ আবদূর রহমান সিকদার) সদস্যসচিব করে ৭ সদস্য বিশিষ্ট রক্তধারা ‘৭১ মিরপুর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আব্দুল গফুর, শাহিনাদ্দোজা শেলী, আসাদুল ইসলাম, ফেরদৌসজামান সৈকত ও আবদুল হাই মোক্তার।
Leave a Reply