গেল ফেব্রুয়ারিতে নতুন সিনেমার ঘোষণা দেন জনপ্রিয় চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস। সিনেমাটির নাম- ‘তুমি যেখানে আমি সেখানে’। ছবিতে নায়িকা হিসেবে আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এবার জানা গেল, রোমান্টিক-কমেডি ধাঁচের এ ছবিতে বুবলীর বিপরীতে থাকছেন চিত্রনায়ক জিয়াউল রোশান।
বুধবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় ছবিটির জন্য চুক্তি স্বাক্ষর করেন জিয়াউল রোশান। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন নায়ক ও পরিচালক দুজনেই।জিয়াউল রোশান দেশ রূপান্তরকে বলেন, ‘কমেডি সিনেমা করাটা ভীষণ কঠিন মনে হয় আমার কাছে। আর এ ধরনের ছবি বানানোতে সবচেয়ে পারদর্শী দেবাশীষ দাদা। অনেকদিন থেকেই দাদার সঙ্গে কথা হচ্ছিল যে আমরা এক সাথে কাজ করব। কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে সবকিছু মিলে গেল।’তিনি আরও বলেন, ‘সিনেমার গল্পটা বেশ ভালো লেগেছে আমার। কাজটা ঠিকঠাক ভাবে করতে পারলে ভালো কিছু দাঁড়াবে আমার বিশ্বাস। আর শবনম বুবলীর সঙ্গে আগেও কাজ করেছি। এটা আমাদের ষষ্ঠ জুটি। আশা করছি ভালো কিছু হবে।’
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমার এই ছবিটির জন্য স্মার্ট কাউকে খুঁজছিলাম। এখন আমার দৃষ্টিতে রোশান সবচেয়ে স্মার্ট নায়ক।’
আগামী মে মাসে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি তৈরি হবে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। আসছে পূজায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা সংশ্লিষ্টদের।
Leave a Reply