রাজধানীর নিউ সুপার মার্কেটে বণিক সমিতির নির্বাচনী প্রার্থীদের ব্যানার ও ফেস্টুন থেকেই গত কালকের আগুন দ্রুত ছড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
নিউ সুপার মার্কেটে গতকাল শনিবার ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও মধ্যরাত পর্যন্ত পুরোপুরি আগুন নির্বাপনে করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
সেসময় রাতে অগ্নিকাণ্ডস্থলে ব্রিফিংকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লে. কর্নেল রেজাউল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদের পর ঢাকা নিউ সুপার মার্কেটটিতে বণিক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। যার কারণে পুরো মার্কেটটিতে টাঙানো ছিল নির্বাচনী প্রার্থীদের ব্যানার ও ফেস্টুন। এসব ব্যানার-ফেস্টুনের কারণেই মার্কেটটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসব ব্যানার-ফেস্টুনের বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার।
এ সময় তিনি আরো বলেন, “মার্কেটটির ফায়ার সেফটি সিস্টেম অত্যন্ত দুর্বল ছিল। ব্যবসায়ীরা সিটি করপোরেশন থেকে একটি দোকান বরাদ্দ নিয়ে করিডোরে আরও দুই-তিনটি সাব দোকান দিয়েছিলেন। যার কারণে করিডোরগুলো খুবই সংকীর্ণ হয়ে এক দোকান থেকে আরেক দোকানে কাপড়ের মাধ্যমে আগুন ছড়িয়েছে।“
আগুনে কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে জানতে চাইলে তিনি জানান, “দুই তলা ও তিন তলার বেশিরভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নির্দিষ্ট সংখ্যাটি সিটি করপোরেশন বলতে পারবে। আমরা ধারণা করছি ২৫০-৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।”
শনিবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার পর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। খবর পাওয়া মাত্র আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। ত্রিশটি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে জানা যায়নি অগ্নিকাণ্ডের মূল কারণ।
Leave a Reply