প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বিএনপি তাদের একদফার দাবি আদায় করতে ব্যর্থ হয়েছে কারণ জনগণ তাদের সঙ্গে নেই। তারা আন্দোলন করছে ফেসবুক ও ইউটিউবে। এ সময় তিনি বিএনপিকে এক দফার দাবি থেকে সরে এসে নির্বাচনী বাস ধরার পরামর্শ দেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার দোহার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোহার উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে সালমান এফ রহমান তার নির্বাচনী এলাকার (দোহার-নবাবগঞ্জ) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সালমান এফ রহমান বলেন, আপনারা যে আন্দোলন শুরু করেছেন সেটা কখনও সফল হবে না কারণ জনগণ আপনাদের সঙ্গে নেই। তাই এসব বাদ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী বাস ধরেন। বিদেশিরা বর্তমান সরকারকে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এ ধরনের মন্তব্যকে বিভ্রান্তিকর ও গুজব বলে আখ্যায়িত করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সুযোগ নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়াতেই ব্যস্ত। তাদের এসব গুজব থেকে সবাইকে সজাগ থাকতে হবে।
সালমান এফ রহমান বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে, কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না। বিদেশিদের একটাই চাওয়া তা হচ্ছে, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। তাদের চাওয়া এবং সরকারের চাওয়া এক। স্বাধীন নির্বাচন কমিশনও অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
এই সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চাওয়া ছাড়াও নিরপেক্ষ ও বিরোধীদের কাছে যেয়েও ভোট চাইতে হবে। ভোট দেওয়ার যেমন স্বাধীনতা আছে, তেমনি ভোট চাওয়ারও স্বাধীনতা আছে। উন্নয়নের নানা চিত্র সবার কাছে তুলে ধরে নৌকার জন্য ভোট চাওয়ার নির্দেশ দেন তিনি।
বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে ও দলমত নির্বিশেষে সব ভোটারদের কাছে যেতে পারলে নৌকার জয় সুনিশ্চিত জানিয়ে আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন সালমান এফ রহমান।
বিগত ১৫ বছরে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সালমান এফ রহমান বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে৷ দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার পথে ধাবমান। তাই সময়ের সাথে সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হবে৷
নারীদের জন্য সরকারের বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য উপস্থিত নেতাকর্মীদের অনুরোধ করেন দোহার উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেত্রীবৃন্দ। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার রোল মডেল, এমন ভাষ্য উঠে আসে দোহারের নারী নেত্রীদের কথায়। এছাড়া, ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তৃনমূলের নারীদের জন্য বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম ও চিকিৎসাসেবা তুলে ধরার আহ্বান জানান তারা
Leave a Reply