আগামী প্রিমিয়ার ফুটবল খেলবে না দেশের অন্যতম দুই বড় দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, শেখ রাসেল ১৭ আগস্ট জানিয়েছে তারা খেলবে না, আর শেখ জামাল জানিয়েছেন গতকাল। শেখ রাসেলের চিঠিতে স্বাক্ষর করেছেন ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ এবং শেখ জামালের চিঠিতে স্বাক্ষর করেন ক্লাব সেক্রেটারি মেহেরাব আলম চৌধুরী। মেহেরাব বলেছেন, ‘শেখ জামাল নাম পরিবর্তন করতে হবে। সময় কম। এএফসি থেকে এখনই অনুমতি পাওয়া যাবে না। নতুন খেলতে হলে সময় লাগবে। তিনি আরও বলেন, ‘আমরা খেলার জন্য দল গুছিয়ে রেখেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে খেলা সম্ভব হচ্ছে না।’ শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের পৃষ্ঠপোষক ছিল বসুন্ধরা গ্রুপ। এই প্রতিষ্ঠান এ বছর পৃষ্ঠপোষকতা করছে কি না, সে প্রসঙ্গে মেহেরাব আলম জানিয়েছেন, ‘ক্লাবের নতুন নাম পরিবর্তন হওয়ার পর করবে।’
শেখ হাসিনার সরকার পতনের পর তার ভাইয়ের নামের দুই ক্লাবই এখন মহাবিপদে পড়েছে। শেখ রাসেলের ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ জানিয়েছেন, বসুন্ধরা গ্রুপ পেছন থেকে সরে গিয়েছে। তিনি বলেন, ‘তারা থাকতে চায় না। এই ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। তিনি পদত্যাগও করেননি। তাদের অফিস থেকে জানিয়ে দিয়েছে, টাকা দিতে পারবে না।’ শেখ রাসেলের এই কর্মকর্তা জানান, শেখ রাসেল ক্রীড়া চক্র বিএনপির আমল থেকেই খেলছে। জুনিয়র লিগ খেলতে খেলতে প্রিমিয়ারে এসেছে। কখনো কোনো সমস্যা হয়নি।’ বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, দুই ক্লাব না খেলার বিষয়টি নিয়ে সভা হবে।
Leave a Reply