নওগাঁ জেলা প্রতিনিধি:
গোলাম রব্বানী
নওগাঁয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক তৎপরতা ও গণসংযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে জেলাজুড়ে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করেছে দলটি।
সম্প্রতি নওগাঁ বদলগাছি আয়োজিত এক পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নতুন ধারার রাজনীতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ জানান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সারজিস আলমের দিকনির্দেশনায় নওগাঁ জেলা এনসিপির নেতা-কর্মীরা এখন মাঠ পর্যায়ে উজ্জীবিত। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।
পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের সূত্র ধরে স্থানীয় বক্তারা বলেন, ৫ই আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর দেশের মানুষ কোনো ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজি বা পুরনো আমলের নোংরা রাজনীতি দেখতে চায় না। তরুণ প্রজন্ম একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা দেখতে চায়, যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর সততা ও আদর্শকে ধারণ করে নওগাঁর তরুণেরা মাঠে নেমেছে।
নওগাঁ জেলা এনসিপির দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ চলছে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার এই লড়াইয়ে সাধারণ মানুষও তরুণদের এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।
নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতীতের সমস্ত বৈষম্য ও গ্লানি মুছে নওগাঁকে একটি আদর্শ, স্বনির্ভর ও শোষণমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে নওগাঁ জেলা এনসিপি সর্বদা রাজপথে ও জনগণের পাশে থাকবে।
Leave a Reply