কমল কুমার শীল,
বদলগাছী প্রতিনিধি
আর স্টার টিভি (সত্যের সন্ধানে)
নওগাঁর বদলগাছী উপজেলায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
অভিযুক্ত শিক্ষকের নাম শফিউল হাসান দিপু (৫০)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের লালুহা গ্রামের বাসিন্দা। তিনি ভান্ডারপুর এলাকায় অবস্থিত ‘আলফা কিন্ডারগার্টেন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। এ ছাড়া তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির এবং বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কাজী হিসেবেও দায়িত্ব পালন করছেন
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৩ আগস্ট) সকালে বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি কম ছিল। এই সুযোগে পঞ্চম শ্রেণির ওই অসহায় ছাত্রীকে একা পেয়ে প্রধান শিক্ষক শফিউল হাসান দিপু জোরপূর্বক উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটি বুদ্ধিমত্তা খাটিয়ে কোনোমতে সেখান থেকে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানায়।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ জনতা আলফা কিন্ডারগার্টেনে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে প্রথমে বাধার মুখে পড়েন। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার প্রতিবাদে ও লম্পট শিক্ষকের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভান্ডারপুর চারমাথা এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ওই সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।
ঘটনাস্থল পরিদর্শন করে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা এবং তাকে কাজীর পদ থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হবে।”
উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এবং এ ব্যাপারে শিক্ষা বিভাগের বিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ বিষয়ে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৬, তারিখ: ০৪-০৮-২০২৬ ইং)। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে পুলিশের জোর চেষ্টা চলছে
Leave a Reply