বিশেষ প্রতিনিধ
*কমল কুমার শীল*
আর স্টার টিভি
, বদলগাছী (নওগাঁ)
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী **সরদার মো. সাখাওয়াত হোসেন**।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে মন্ত্রী মহোদয় হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসাসেবা, ওষুধের মজুত, টয়লেট এবং রোগীদের খাবারের মান সরেজমিনে খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বদলগাছী উপজেলাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, এই উপজেলায় প্রথমবার একটি নয়তলা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা হবে এবং বর্তমান ৫০ শয্যার এই হাসপাতালটিকে ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার অভিজ্ঞতা শোনেন মন্ত্রী। এ সময় রোগীরা সন্তোষ প্রকাশ করলেও হাসপাতালের টয়লেট ও বাথরুমের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে রোগীদের খাবারের মান দেখতে হাসপাতালের রান্নাঘরে যান এবং রান্না করা খাবার নিজে পরীক্ষা করেন।
উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষ করে গাইনি ও অ্যানেস্থেসিয়া চিকিৎসকের সংকট রয়েছে। এই সংকট কাটিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এদিকে হাসপাতালের ওষুধ সরবরাহ ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী জানান, রোগীদের জন্য জরুরি প্রয়োজনীয় ‘অ্যাজিথ্রোমাইসিন’ ওষুধ গত ১ মাস ২৩ দিন ধরে সরবরাহ করা হচ্ছে না, অথচ হাসপাতালের স্টোরে ঠিকই ওষুধ মজুত রয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্টকে ওষুধ থাকার পরও কেন রোগীরা এক মাস ২৩ দিন ওষুধ পেল না, তা খতিয়ে দেখা হবে।” এ ঘটনায় সংশ্লিষ্ট স্টোরকিপারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি জানান, ঢাকায় ফিরে বিষয়টি পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকার গঠনের পর থেকেই স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সেবার মান উন্নত করতে নিয়মিত বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে এবং প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
এ বছর দেশজুড়ে স্বাস্থ্য খাতের সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, চলতি বছরেই আড়াই হাজার নার্স এবং ৪১ হাজার ৩৯০ জন নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তারা গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেবেন এবং প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য হাব তৈরির পরিকল্পনাও সরকারের রয়েছে।এ সময় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক এই পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সনি এবং স্থানীয় প্রশাসন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মন্ত্রীর এই সফরের ফলে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশাবাদী স্থানীয় এলাকাবাসি
Leave a Reply