জামালপুরের ইসলামপুরের ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুদ্দিনকে গত বছর ১৮ আগস্ট সাদা পোশাকের পুলিশ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে আসে ঢাকায়। পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পল্লবী থানায় মাদকের (ইয়াবা) মামলা ঠুকে তাকে চালান করে দেয় আদালতে।
ঢাকার মোহাম্মদপুরে রাফসানকে (ছদ্মনাম) সন্দেহভাজন দেখিয়ে আটক করে সাদা পোশাকের পুলিশ। তাকে ছেড়ে দিতে ২ লাখ টাকা দাবি করা হয়। ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তার আত্মীয় হওয়ায় তার হস্তক্ষেপে ‘সরি’ বলে রাফসানকে ছেড়ে দেওয়া হয়।
দুটি কাহিনীতে সাদা পোশাকের পুলিশ কী করে না করে তা পরিষ্কার। এক কথায় একে বলে ‘জননিবর্তন’। সন্দেহ হলেই বা ‘সন্দেহ হচ্ছে মর্মে সন্দেহ’ হলেই পুলিশ কাজটি করে। এ ক্ষেত্রে প্রাইম মোভার টাকাকড়ি। অর্থাগমসম্ভবে সন্দেহ স্বাভাবিক! মানুষকে নিয়ে কেন এত সন্দেহ? এ সন্দেহের নিরসন কবে হবে? আদৌ হবে কি!
সর্বোচ্চ আদালতের নির্দেশনা ও কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে সারা দেশে সাদা পোশাকে পুলিশের অভিযান নিয়ে প্রশ্ন উঠছে; উঠছে যুগ যুগ ধরে। ১৮৯৮ সালের আইন ২০২৩ সালেও কার্যকর থাকলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। যারা আইন করেছিল সেই ব্রিটিশরাই এখন বাঙাল কায়দায় কাউকে আর সন্দেহ করে না। সন্দেহভাজন কাউকে জেরা ও তল্লাশিতে ব্যক্তির মর্যাদা রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা লঙ্ঘন করে হয়রানি, শারীরিক ও মানসিক নিগ্রহের ঘটনাও এ দেশে নিয়মিত। ড্রাকোনিয়ান ল’ বহাল থাকলে যা হয় আরকি!
প্রসঙ্গত, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারসংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় ক্ষুব্ধ হাইকোর্টের ভাষ্য, এ সংক্রান্ত রায় কার্যকর করার দিকে নজর দেওয়া উচিত। সবার অনুসরণ করা উচিত। করোনাকালে মধ্যপ্রাচ্য থেকে ফেরত ২১৯ প্রবাসীকে সিআরপিসির ৫৪ ধারায় গ্রেপ্তারসংক্রান্ত মামলার শুনানিতে এ মন্তব্য করেছিল আদালত।
২০০৩ সালের ৭ এপ্রিল যুগান্তকারী রায়ে হাইকোর্ট ৫৪ ধারা প্রয়োগে কারও সঙ্গে স্বেচ্ছাচারিতা না করা, আটক বা গ্রেপ্তারের সময় পরিচয় দেওয়া, কাউকে নিবর্তনমূলক আটকাদেশ না দেওয়া, রিমান্ডে নির্যাতন না করা, ধারা সংশোধনের তাগিদ প্রভৃতি ১৫ দফা নির্দেশনা দেয়। ২০১৬ সালের ২৪ মে আপিল বিভাগে এ রায় বহাল থাকে। ওই বছরের ১০ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এ সংক্রান্ত নীতিমালা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যবিষয়ক নির্দেশনায় বলা হয়, নাগরিকের সম্মান রক্ষা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উঁচুমানের পেশাদারিত্ব দেখাতে হবে। সংবিধানে স্বীকৃত নাগরিকের অধিকার রক্ষার নির্দেশনাও দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের রায়ে সতর্কতামূলক নির্দেশনা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক বা গ্রেপ্তারে কৌশল পাল্টেছে। এখন মাদক বা অন্য কোনো মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় পুলিশকে ভবঘুরে, অভ্যাসগত অপরাধী, চোরাই মাল বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হলেও তারা যখন-তখন যাকে-তাকে আটক বা গ্রেপ্তার করে হয়রানি করছে বলে অভিযোগ উঠছে প্রায়ই।
মানবাধিকারকর্মী ও আইনজীবীদের ভাষ্য, নিবর্তনমূলক ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের তাগিদ ছিল উচ্চ আদালতের। তাদের আপত্তি রয়েছে ৫৫ ধারা ও তল্লাশিসংক্রান্ত ১০৩ ধারা নিয়েও। দীর্ঘদিনেও আইনের সংস্কার ও সংশোধন হয়নি। উপরন্তু ৫৪ ও ১৬৭ ধারা নিয়ে আপিল বিভাগের রায়ের রিভিউ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ১৯ জানুয়ারি এ বিষয়ে শুনানি রয়েছে। তারা বলেন, রাষ্ট্রপক্ষ নিবর্তনমূলক আইনের সংশোধন না চাইলে আইনের ব্যত্যয় ও অপপ্রয়োগ হবেই।
বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ট্রাস্টি অ্যাডভোকেট জেড আই খান পান্না দেশ রূপান্তরকে বলেন, ‘এসব ঘটছে ৫৪ ধারার মতো নিবর্তনমূলক আইন আছে বলেই। সংবিধান অনুযায়ী রাষ্ট্র জনগণের। অথচ ব্রিটিশের তৈরি নিবর্তনমূলক আইন দিয়ে দেশ চলছে। জনগণকে শাসন করার জন্য নিবর্তনমূলক আইন থাকা উচিত নয়। আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ ভালো কোনো পদক্ষেপ নয়। কেন নয় তা আদালতে বলব।’
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক নূর খান লিটন দেশ রূপান্তরকে বলেন, ‘৫৪ ধারা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা মানা তো হচ্ছেই না, বরং কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই ব্যক্তিকে আসামি বানিয়ে দিচ্ছে। গত তিন-চার মাসে দেখেছি, অধিকাংশ ক্ষেত্রে সাদা পোশাকধারীরা মানুষকে উঠিয়ে নেয়। অনেক ভিডিও ফুটেজ আমরা পাচ্ছি। এক সংস্থা আরেক সংস্থার নাম বলছে এবং আটকের বিষয়টি অস্বীকার করছে। পুলিশের পর্যবেক্ষণমূলক ব্যবস্থা কার্যকরী নয়।’
সাদা পোশাকে কতিপয় পুলিশের তৎপরতা : প্রতিদিনই বিভিন্ন থানার সাদা পোশাকের টিমের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ পাওয়া যাচ্ছে। আইজিপি কমপ্লেইন সেলেও প্রতিদিন অভিযোগ জমা পড়ছে। সাদা পোশাকে অভিযান চালাতে গিয়ে হামলার স্বীকারও হন পুলিশ সদস্যরা। তাদের অপতৎপরতা বেড়ে যাওয়ায় সুযোগ নিচ্ছে পেশাদার অপরাধীরা। তাদের সঙ্গে যুক্ত হচ্ছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এ কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের নজরদারিতে রাখা হচ্ছে।
এ সপ্তাহের শুরুতে রাত ১২টার দিকে রিকশায় বাসায় ফিরছিলেন হাসান ও পারভেজ নামে দুই বন্ধু। মিরপুর দুই নম্বর ফলপট্টি এলাকায় পৌঁছলে পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি রিকশার গতিরোধ করে দেহ তল্লাশি করতে চায়। বাধা পেয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে দাবি করা হয় চা-নাশতার টাকা। পরে স্থানীয়রা জড়ো হলে দ্রুত তারা সটকে পড়ে। এমন ঘটনা প্রায়ই ঘটে।
জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মদের বার থেকে বেরিয়ে আসা ব্যক্তিরা সাদা পোশাকধারীদের টার্গেটে পরিণত হন। বিভিন্ন ক্লাব থেকে আসা নারী-পুরুষরাও নিয়মিত হয়রানির শিকার হন। নারীদের খারাপ মেয়ে বলে বাজে মন্তব্যও করা হয়। মান-সম্মানের ভয়ে অনেকে টাকা দিয়ে নিষ্কৃতি পান। অনেক সময় ধনাঢ্য ব্যক্তিদের রাস্তা থেকে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। মাঝেমধ্যে হয়রানি বন্ধ থাকে। আবারও পুরনো রূপে ফেরে।
সিভিল টিম বলে কিছু নেই : পুলিশ সূত্র জানায়, থানা-পুলিশের সিভিল টিম গঠনের বা সাদা পোশাকে অভিযান চালানোর আইনগত ভিত্তি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার ও থানা এলাকায় নজরদারির জন্য ওসি নিজ থানার আয়তন অনুসারে সিভিল টিম গঠন করেন। তারা রাতে তৎপর থাকে বলেই সন্দেহভাজনদের আটকের নামে টাকা আদায়ের অভিযোগ ওঠে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেশ রূপান্তরকে বলেন, ‘সাদা পোশাকে পুলিশ অভিযান চালাতে পারে না।’
পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, সাদা পোশাকে একমাত্র স্পেশাল ব্রাঞ্চের লোকজন চলাফেরা করে। ডিবি ও সিআইডি অভিযানের সময় ডিবি ও সিআইডির মনোগ্রামযুক্ত ‘কটি’ ব্যবহার করে। এ ছাড়া সাদা পোশাকে অভিযান চালানোর এখতিয়ার কারও নেই।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘ডিএমপির সব থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে বিধিবদ্ধ ব্রাঞ্চ (স্পেশাল ব্রাঞ্চ) ছাড়া আর কেউ সাদা পোশাকে অভিযানে যেতে পারবে না। গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
হয়রানি থামছে না : আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলেন, ফৌজদারি কার্যবিধির ১০৩ ধারা অনুযায়ী কাউকে তল্লাশি করতে হলে একাধিক ব্যক্তিকে সাক্ষী রেখে করতে হবে। এ বিধান মানা হয় না বললেই চলে। গত ৪ জানুয়ারি রাত ১২টার দিকে কাজ শেষে রিকশায় করে মিরপুরের শেওড়াপাড়ার বাসায় ফিরছিলেন স্বনামধন্য পত্রিকার একজন সাংবাদিক। কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের কাছে তাকে আটকানোর পর জেরার নামে মানসিকভাবে হেনস্তা করে পুলিশের একজন উপপরিদর্শক ও কনস্টেবল। শেষে পুলিশের পরিচিত এক ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে রেহাই পান তিনি। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আমার পেশার যেন কোনো মূল্যই নেই তাদের কাছে। সাধারণ মানুষের অবস্থা কী হয় সহজেই অনুমেয়।’
গত বছর ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া এলাকা থেকে ছাত্র অধিকারের পরিষদের দুই নেতাকে তুলে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতেই তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। নূর খান লিটন দেশ রূপান্তরকে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনাকেও বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। জবাবদিহি ও স্বচ্ছতা না থাকায় এমন হচ্ছে।’
Leave a Reply