ফরিদপুরে নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, পদ্মা সেতুর কারণে ফরিদপুরের এখন অনেক গুরুত্ব বেড়েছে, সরকারিভাবে এ জেলাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। আর এটা এগিয়ে নিতে জেলার সব গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফরিদপুরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব বলেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক মো. শাজাহান, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সঞ্জীব দাস, জাহিদ রিপন, নাজিম বাঁকাউল, এস এম মনিরুজ্জামান, শেখ সাইফুল ইসলাম অহিদ প্রমুখ।
এ সময় উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মাৎ তাসলিমা আলী, জেলা সিনিয়র তথ্য কমকতা আমিরুল আজম ।জেলা প্রশাসক বলেন, ফরিদপুরের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এক্ষেত্রে জেলা প্রশাসন এবং সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের দেওয়া যেকোনো তথ্য আমরা গুরুত্ব দেব। পাশাপাশি ফরিদপুরকে যাতে স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলা যায় সে সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, আমরা ফরিদপুরে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই । যেখানে সব ধরনের লোক তাদের মতামত প্রকাশ করবে। এক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
ফরিদপুরের উন্নয়ন সাধন করার জন্য প্রেস এবং প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, আপনাদের সংবাদ হবে মানুষের ও সমাজের কল্যাণের জন্য, তবেই দেশ এগিয়ে যাবে। আমরা একসঙ্গে বন্ধুর মতো হয়ে কাজ করতে চাই।
এর আগে ফরিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply