নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. মাছুম (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১। সে উপজেলার উচিৎপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
রবিবার (২৫ ডিসেম্বর) র্যাব-১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাইদ জিকুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, শনিবার রাতে পশ্চিমধরি বিষনন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাছুম বছরখানেক পূর্বে ভিকটিমকে আসা যাওয়ার পথে প্রথমে উত্ত্যক্ত ও একপর্যায়ে প্রেম নিবেদন করে। প্রেম নিবেদনে প্রত্যাখাত হয়ে মাছুম চলতি বছরের ৫ অক্টোবর আড়াইহাজারের তিলচন্দ্রী আ. রব মিয়ার পরিত্যক্ত বসতঘরে ভিকটিমকে জোরপূর্বক নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে মাছুমকে গ্রেপ্তার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাছুম ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে এ মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply