নুরুল ইসলাম। বয়স ৬৫। রাজধানীর মিরপুর-১৩ এলাকায় ফুটপাতে পশরা বিছিয়ে টুপি বিক্রি করেন। থাকেন রূপসী বাংলা কলোনিতে।
বাড়ি কোথায় আপনার?
বাড়ি সিলেটের হবিগঞ্জে।
ঢাকায় কবে থেকে?
আমিও আইছি, করোনাও দেহা দিছে।
ঢাকায় কেন আসছেন এই বয়সে?
আহা বাবা! এটা বড় কাহিনী।
বাচ্চা-কাচ্চা নাই?
আছে। বাচ্চা-কাচ্চা লইয়া আইয়া বিপদে পড়ছি।
আপনার ফ্যামিলিতে কে কে আছে?
দুইটা ছেলে তিনটা মেয়ে।
মেয়েদের বিয়ে দেন নাই?
একজনকে দিছি।
দিনে কত টাকা ইনকাম হয়?
ইনকাম একেবারেই নাই। সারা দিনে ২০০-৩০০ টাকা হয়।
এই টাকায় সংসার চলে?
চলে না বাবা! অন্য কোনো ব্যবসা জানি না, চিনি না। একটা মাইয়া আছে গার্মেন্টস করে; সংসারটা সেই মাইয়াই ধইরা রাখছে।
এলাকায় করতেন কী?
সিলেটে চাকরি করতাম। পাথর তোলা কোম্পানিতে ম্যানেজারি করতাম। এটা বন্ধ হয়া গেছে। এখন বিপদে পড়ছি।
হঠাৎ টুপি বিক্রি করছেন কেন?
কী করবো বাবা! পেটটা তো চালইতে হয়।
আজকের দিনটি কেমন কাটছে?
কত কষ্ট!
আপনাকে সুযোগ দেওয়া হলে কোন স্বপ্নটি পূরণ করবেন?
আমার এই বয়সে আমি কী করবো বাবা? এহন তো কবরে টানতাছে না?
কত টাকা হলে আপনি ভালোভাবে চলতে পারবেন?
বাবা! এই জ্ঞানটা আমার কাছে আর নাই। অভাব কী জিনিস আগে জানতাম না। টাকার বিকল্প আছে বাবা! টাকা হইলেও চলা যায়, না হইলেও চলা যায়।
তারপরও?
টাকা হইলেই কি খরচের শেষ আছে বাবা! সেদিন দেখলাম এক লোক ১৫০০ টাকা কেজি ইলিশ মাছ কিনছে। দুই কেজি ইলিশ কিনলো ৩০০০ টাকা দিয়া। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেইখা … আমি তো এতো টাকা এখন গুনতেই পারি না।
এই তিন হাজার টাকা কামাই করতে আপনার কত দিন লাগে?
হায় হায়! ৩০০০ টাকা এহন কই পামু। কই পামু বাবা!
আপনি যদি মন্ত্রী হতেন তাহলে প্রথমে কোন কাজটি করতেন?
আমি তো দেশে মাঠের জমিন করতাম। ঢাকা শহরের কোনো কাজকর্ম আমার জানা নাই। গ্রামে ধান রোপন করতাম। ধান মাড়াই করতাম। তাই কৃষি কাজের সুযোগ তৈরি করে দিতাম।
Leave a Reply