এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঢাকায় পা রেখেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজার অবতরণের কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে তিনি পৌঁছান ১০টা ৫৫ মিনিটে। সকালে ঢাকায় নেমে বিকালেই দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সকালে ঢাকায় নেমে দুপুরে হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকাল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন হামজা। জাতীয় স্টেডিয়ামে হামজার এইটাই প্রথম অনুশীলন। গতকালের মতো আজও কোচ হ্যাভিয়ের কাবরেরা ক্লোজড ডোর করেছে। তাই গণমাধ্যমের সেখানে উপস্থিতি নেই। তবে দলের বাইরে ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা ও স্টেডিয়াম সংশ্লিষ্ট অনেকে ছিলেন অনুশীলনের সময়। ইতিমধ্যে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। তবে দেশের মাটিতে এখনও খেলা হয়নি এই প্রবাসী ফুটবলারের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে দেশের মাঠে প্রথমবারের মতো খেলতে দেখা যাবে হামজাকে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ৩০ মে ক্যাম্প শুরু হয়। সেদিন ২৬ জনের মধ্যে ২৪ জন রিপোর্ট করেছেন। আজ সকালে ইংল্যান্ড থেকে হামজা ক্যাম্পে যোগ দিয়েছেন। পরশু দিন সকালে কানাডা থেকে আসবেন সামিত সোম।
Leave a Reply