বিরাট কোহলির জন্মদিনে ইডেন গার্ডেন্সে উত্সব না-ও হতে পারে। ৫ নভেম্বর কোহলির জন্মদিন, ক্রিকেট ভক্তদের কাছে একটা বিশেষ দিন। এদিন বিরাট কোহলির জন্মদিন আর একই দিনে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কলকাতায় এই ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। ইডেনে গার্ডেন্সে জন্মদিনের দিন বিরাট কোহলিকে জিততে দেখতে চান কলকাতার ক্রিকেট ভক্তরা। এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে পরিকল্পনার খামতি রাখেনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। একাধিক পরিকল্পনা করেছে সিএবি। তবে তাদের সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। সিএবির পক্ষ থেকে এবার পরিকল্পনা করা হয়েছিল বিরাটের জন্মদিন উপলক্ষ্যে ম্যাচ দেখতে আসা দর্শকদের হাতে বিরাট কোহলির মুখোশ দেওয়া হবে। মোট ৭০ হাজার মুখোশ দেওয়ার পরিকল্পনা ছিল। পাশাপাশি ম্যাচের আগে কেক কেটে বিরাটের জন্মদিন পালনের পরিকল্পনা ছিল। তবে এসব পরিকল্পনা বাতিল করতে হয়েছে সিএবিকে। ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিরাটকে নিয়ে যেসব পরিকল্পনা করা হয়েছিল তার জন্য সিএবিকে অনুমতি দেওয়া হয়নি। যদি তাই হয় বিরাটের মুখোশ সমর্থকদের দিতে পারবে না সিএবি। বিরাটের জন্য যে কেকের ব্যবস্থা করা হয়েছিল সেটা ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে কেক কাটা হবে। এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে আতশবাজির শো। আতশবাজি পোড়ানোর মাধ্যমে বিরাট কোহলির জন্মদিন পালনের পরিকল্পনা করেছে সিএবি। সেটা হচ্ছে বলে আপাতত খবর।
প্রতি ম্যাচের পরেই স্টেডিয়ামে লেজার শো করা হয়। ম্যাচের ফল বেরোনোর পর বাজি পোড়ানো হয় ও ফাটানো হয়। মুম্বাই ও দিল্লিকে এই তালিকায় থেকে আপাতত বাইরে রাখা হলেও কলকাতায় এটা হতে চলেছে। এরমধ্যে দিয়েই বিরাট কোহলিকে সম্মান জানাতে চায় সিএবি। ফলে এইদিনটা বাড়তি মাত্রা যোগ করবে সমর্থকদের। বিরাট কোহলি যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি পান তাহলে জয়ের স্বাদ আরও কয়েক গুণ বাড়বে সমর্থকদের।
৫ নভেম্বর অর্থাৎ রবিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে টিকিট নিয়ে বিতর্ক চলছে। টিকিট নিয়ে কালোবাজারি চলছে বলে অভিযোগ রয়েছে। টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে তা শেষ হয়ে যাচ্ছে বলে অনেকের অভিযোগ। কলকাতা থেকে টিকিট কালোবাজারি করার জন্য গ্রেফতারও করা হয়েছে। তবে টিকিট নিয়ে বিতর্ক থাকলেও বিরাটের জন্মদিনে ভাতের ম্যাচ দেখতে ইডেন গার্ডেন্স পুরো ভর্তি থাকবে বলে মনে করছেন আয়োজকরা। ৩ তারিখ কলকাতায় আসবেন টিম ইন্ডিয়ার সদস্যরা। ৪ তারিখ তারা অনুশীলন করবেন।
Leave a Reply