নতুন ফিটনেস পরীক্ষা টাইম ট্রায়ালের সঙ্গে পরিচিত হয়েছেন ক্রিকেটাররা। এবার এই ফিটনেস পরীক্ষাটি ব্যাপক আলোচনায়। অতীতের ইয়ো ইয়ো টেস্ট বা বিপ টেস্টের পরিবর্তে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষাপর্ব চলছে এই পদ্ধতিতে। এই পরীক্ষার মাধ্যমেই একজন ক্রিকেটারের ফিটনেসের সিংহভাগ বোঝা যায় বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। তিনি বলেন, ‘ইয়ো ইয়ো টেস্ট ও বিপ টেস্ট অনেক সময় শেষ করা যায় না। ঐ দুই টেস্টে যারা পাশ করতো, তারা এই টাইম ট্রায়াল টেস্টেও পাশ করবে। এই টেস্টে বোঝা যায় কে ফিট, কার আরও কাজ করতে হবে। যে টেস্টই ব্যবহার করুন না কেন, তা থেকে ফলাফল বোঝাটাই জরুরি।’কেলি আরও বলেন, ‘যে কারও যেকোনো জায়গায় ঘাটতি থাকতে পারে। কেউ টাইম ট্রায়ালে ভালো করেনি। কিন্তু জিমে খুব ভালো করছে। আমরা সে অনুযায়ী কাজ করছি, কার কোথায় উন্নতি দরকার।’টাইম ট্রায়াল পরীক্ষায় ক্রিকেটারদের সাড়ায় বেশ মুগ্ধ কেলি। তিনি বলেন, ‘এমন শুনছি অনেকে বলছে এসব টেস্ট নতুন। এটা ঠিক নয়। আমি যোগ দেওয়ার পর ১৮ মাস ধরেই এসব হচ্ছে। খেলোয়াড়দের উন্নতি মনিটর করার জন্য নিয়মিতই এসব করছি। ছেলেরা মোটিভেটেড। খুব পরিশ্রমী। তারা সেরা হতে চায়। তাদের এনার্জি ও উৎসাহ দারুণ।’
Leave a Reply