1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চার ক্যাটাগরির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ালো সরকার - R STAR TV
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

চার ক্যাটাগরির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ালো সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সম্মানি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার নতুন হার নির্ধারণ করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১৫ জুলাই জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ভাতার হার চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন হারে বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তরা মাসিক ২৫ হাজার টাকা মূল সম্মানি ভাতা পাবেন।

অন্যদিকে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পঙ্গুত্বের মাত্রা অনুযায়ী ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চার শ্রেণিতে ভাতা নির্ধারণ করা হয়েছে। ৯৬ থেকে ১০০ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘এ’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা মূল ভাতা পাবেন। এর সঙ্গে ২ হাজার টাকা চিকিৎসা ভাতা এবং ৫ হাজার টাকা খাদ্য ভাতা যোগ হয়ে নিয়মিত মাসিক সুবিধা হবে ৩৭ হাজার টাকা। জীবিত ‘এ’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা অতিরিক্ত ৮ হাজার টাকা সহায়ক ভাতা পাবেন। ফলে তারা জীবিত থাকা অবস্থায় মাসে মোট ৪৫ হাজার টাকা পাবেন। তবে মৃত্যুর পর এই অতিরিক্ত সহায়ক ভাতা উত্তরাধিকারীরা পাবেন না।

৬১ থেকে ৯৫ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘বি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মূল ভাতা ২৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ও খাদ্য ভাতাসহ তারা মাসে মোট ৩৫ হাজার টাকা পাবেন।

২০ থেকে ৬০ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘সি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মূল ভাতা হবে ২৩ হাজার টাকা। চিকিৎসা ও খাদ্য ভাতা যুক্ত হয়ে তাদের মাসিক মোট সুবিধা দাঁড়াবে ৩০ হাজার টাকা।

১ থেকে ১৯ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘ডি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মূল ভাতা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এর সঙ্গে ২ হাজার টাকা চিকিৎসা ও ৫ হাজার টাকা খাদ্য ভাতা যোগ হয়ে তারা মাসে মোট ২৭ হাজার টাকা পাবেন।

এ ছাড়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বছরে দুটি উৎসব ভাতা পাবেন, যার প্রতিটির পরিমাণ হবে তাদের নিজ নিজ মূল ভাতার সমান। পাশাপাশি জীবিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবসে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষে ২ হাজার টাকা বিশেষ ভাতা দেওয়া হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর আওতায় মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য এ নতুন সম্মানি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি