জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় দীর্ঘ ৬ মাস পর সার উৎপাদন চালু হয়েছে।
মঙ্গলবার (২০ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। গত ১১ ডিসেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। সোমবার (১৯ ডিসেম্বর) অ্যামোনিয়া উৎপাদন চালু হয়।
কারখানা সূত্র জানায়, চলতি বছরের ২১ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে কারখানা সংশ্লিষ্ট দৈনিক আয়ের উপর নির্ভরশীল হাজার হাজার শ্রমিকের কাজ বন্ধ হয়ে যায়।
টানা ৬মাস কাজ বন্ধ থাকায় শ্রমিকেরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেন। অপরদিকে মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি অকেজো হওয়ার শঙ্কা দেখা দেয়। গ্যাস সরবরাহ ও উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীরা নানা কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ্ খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে ইউরিয়া উৎপাদন চালু হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক রয়েছে।
Leave a Reply