প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। আর সেই বাড়তি তাপমাত্রা রূপ নিচ্ছে মৃদু তাপপ্রবাহে। এর ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে সমগ্র দেশে। তার মধ্যেই বরিশাল বিভাগে ডায়রিয়া পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। বরিশালে প্রতিদিন প্রায় ২০০ মানুষ আক্রান্ত হয়ে ছুটছেন হাসপাতালে। তবে চিকিৎসকরা বলছেন- শারীরিক অবস্থার অবনতি হলেই বেশিরভাগ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
বরিশাল জেনারেল হাসপাতালে সরেজমিনে সোমবার দেখা যায়, হাসপাতালের ১২টি বেড রোগীতে ভরপুর। এদিন বেলা ২টা পর্যন্ত হাসপাতালে মোট ১৪ জন রোগী ভর্তি ছিলো, তার মধ্যে নতুন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭ জন। সিনিয়র স্টাফ নার্সরা বলছেন, হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা বেড়েই চলছে।
সোমবার বরিশাল স্বাস্থ্য বিভাগ থেকে দেশ রূপান্তরকে পাঠানো এক প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ১৯৫ জন মানুষ আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়। আর গত ফেব্রুয়ারি মাসে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৫১ জন রোগী। এদিকে ডায়রিয়া রোগীদের জন্য বিভাগে ১০০০ সিসির ৪৩ হাজার ৬৫ লিটার ও ৫০০ সিসির ২৩ হাজর ৫৬২ লিটার আইভি স্যালাইন মজুদ আছে।
গত সপ্তাহে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৪০৪ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৩ জন। এই জেলায় ১০০০ সিসি’র ৪ হাজার ৭৩৬ লিটার আর ৫০০ সিসি’র ৫ হাজার ৪৭৪ লিটার আইভি স্যালাইন মজুদ আছে।
এর পরের অবস্থানে রয়েছে ভোলা জেলা। গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৬ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৬ জন। সবচেয়ে বেশি স্যালাইন মজুদ আছে এই জেলায়। তার মধ্যে ১০০০ সিসি’র ১৪ হাজার ৫৩৪ লিটার আর ৫০০ সিসি’র ৫ হাজার ৭২০ লিটার।
পিরোজপুর জেলায় গত সাত দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৩ জন। এই জেলায় আইভি স্যালাইন মজুদ আছে ১০০০ সিসি’র ৩ হাজার ৮৩৬ লিটার এবং ৫০০ সিসি’র ৩ হাজার ৭৮৯ লিটার।
পটুয়াখালী জেলায় সাত দিনে ডাইরিয়ায় আক্রান্ত হয়েছে ২২২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩৯ জন আর সুস্থ হয়েছেন ২৯ জন। এই জেলায় আইভি স্যালাইন মজুদ আছে ১০০০ সিসি’র ৪ হাজার ৬১ লিটার আর ৫০০ সিসি’র ২ হাজার ৫ লিটার।
বরগুনায় গত সপ্তাহে আক্রান্ত হয়েছে ৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪০ জন। আইভি স্যালাইন মজুদ আছে ১০০০ সিসি’র ৬ হাজার ২১৭ লিটার এবং ৫০০ সিসি’র ৩ হাজার ৩৪৫ লিটার।
ঝালকাঠিতে গত সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ১৪ জন। এই জেলায় আইভি স্যালাইন মজুদ আছে ১০০০ সিসি’র ৯ হাজার ৬৫৪ লিটার এবং ৫০০ সিসি’র ৩ হাজার ২২০ লিটার।
বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, হাসপাতালে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন। তার মধ্যে বেশির ভাগ রোগীই বেশি অসুস্থ হয়ে হাসপাতালমুখী হচ্ছেন। তবে আমাদের চিকিৎসায় তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এই হাসপাতালে বর্তমানে ১২টি বেড আছে; তার সবকয়টিতেই রোগী ভর্তি আছে।
এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ুন শাহীন খান দেশ রূপান্তরকে বলেন, আমাদের আগাম প্রস্তুতি আছে। পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় স্বাস্থ্য অফিস ৪২টি উপজেলায় ৪১০টি মেডিকেল টিম গঠন করেছে। তারা সার্বক্ষণিক পরিস্থিতি বিবেচনা করছেন।
এছাড়াও আমাদের পর্যাপ্ত আইভি স্যালাইন মজুদ আছে। তবে গরমের দিনে সবাইকে সচেতন হয়ে চলতে হবে। এ সময় সতর্কবার্তার সঙ্গে সকলকে স্বাস্থ্য শিক্ষা এবং বিশুদ্ধ পানি পানের পরামর্শ দেন ডা. হুমায়ুন শাহীন খান।
Leave a Reply